গাইবান্ধার পলাশবাড়ীতে নালা থেকে আব্দুল গফফার সরদার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার মানিয়ানদহ এলাকার একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল একই উপজেলার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকতপুর গ্রামের মৃত কপিল উদ্দিন সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার নিখোঁজ হন আব্দুল গফফার। গভীর রাত পর্যন্ত পরিবারের লোকজন খুঁজলেও তার সন্ধান মেলেনি। পরদিন সকালে নিহতের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভেগীর ব্রীজ এলাকার একটি নালায় তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শাহাদত হোসেন বলেন, ‘পানি থেকে বিবস্ত্র ভাসমান মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’


