রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় সন্দেহজনকভাবে গাড়ি চালানোর সময় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রমনা থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে মন্ত্রীপাড়া এলাকায় একটি প্রাডো গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিলেন এনায়েত করিম। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়।
পরে তার ফোনে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নানা তথ্য পেয়েছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, এনায়েত করিম চৌধুরী অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসে বৈধ অন্তবর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের চেষ্টা করছিলেন।
শনিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মো. আজিজুল হাকিম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এনায়েত করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শুনানির জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে এনায়েত করিম জানিয়েছেন, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি দাবি করেন, বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছেন।
তার ভাষ্য অনুযায়ী, বর্তমান অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি করেছে এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য তিনি কাজ করতে বাংলাদেশে আসেন। তিনি ৬ ও ৭ সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করার পর গুলশানে এক ঠিকানায় থাকেন।
এনায়েত করিম আরও জানান, ইতোমধ্যে তিনি সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, নীতিনির্ধারক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তার দাবি, আমেরিকান সরকার বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি হতাশ এবং আগামী ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় রহিত করবে। এরপর সেনাবাহিনী সমর্থিত নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, যেখানে সরকারপ্রধান নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র।


