কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টরন্টো পুলিশের জরুরি সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশের বরাতে সিটিভি নিউজ জানিয়েছে, শনিবার টরন্টোর মিডটাউন এলাকায় বার্ষিক লাতিন সাংস্কৃতিক উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালে এ হামলা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ পাঁচজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে দুইজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত বাকি ব্যক্তিদের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তদন্ত ও উদ্ধার কার্যক্রম চলমান থাকায় পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে হামলাকারী, হামলার উদ্দেশ্য বা কাউকে গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বন্দুক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এ ঘটনায় আমি “আতঙ্কিত”। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’
কার্নি বলেন, ‘যারা তাদের প্রিয়জনকে হারিয়ে শোক করছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন এবং এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য আমার প্রার্থনা রইল।’
টরন্টো পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের সরকারি হ্যান্ডেলে দেওয়া তথ্যের বাইরে তারা তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য দিতে পারেননি।


