রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া এলাকার একটি বাসায় ঢুকে শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। দনিয়া রসুলপুরের অনাবিল হাসপাতাল রোডের একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ বাড়িটির ৭তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত নারীর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই গ্রামে। স্বামীর নাম মৃত শফিকুল ইসলাম সরকার।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহত শাহিদা বেগম ও তার পুত্রবধূ শারমিন আক্তার ওই বাসায় থাকতেন। ছেলে বিল্লাল হোসেন মালয়েশিয়া প্রবাসী। শারমিন একটি ডেন্টাল ক্লিনিকে চাকরি করেন। শনিবার রাত শারমিন কাজ থেকে বাসায় ফিরে দেখতে পান, বাসার সব জিনিসপত্র এলোমেলো। তার শাশুড়ি রক্তাক্ত ও মৃত অবস্থায় ফ্লোরে পড়ে আছেন।
এসআই আরও জানান, নিহত শাহিদার গলার বামপাশে একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে লুটপাট করার চেষ্টা করে। তখন ওই বৃদ্ধা নারী দেখে ফেলায় কিংবা বাধা দেওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে তার গলার চেইন, কানের দুল ও নগদ পাঁচ হাজার টাকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে।
লুটপাট ছাড়া এ হত্যার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আশপাশের সিসিটিভির ফুটেজও সংগ্রহের চেষ্টা চলছে।


