ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেওয়া সেই মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। শনিবার রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় সন্তানসহ নদীতে ঝাঁপ দেন লাকি আক্তার নামের ওই নারী। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকি আক্তার নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। ঘটনার সময় তিনি তার পাঁচ বছর বয়সী কন্যাকে সঙ্গে নিয়ে ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করেন। পরে মা ও শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তাদের বিয়েবিচ্ছেদ হয়। এরপর মেয়েকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশা থেকে এমন সিদ্ধান্ত নেন।
সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় সাইদুল ইসলামও সাবেক স্ত্রীর বিরুদ্ধে নলছিটি থানায় অভিযোগ করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং শিশুকেও গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’


