মুন্সিগঞ্জের সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার নিমতলা রেলস্টেশন ও দক্ষিণ লতব্দীর একটি সড়ক থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নিমতলা রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঢাকা রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঢাকা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
অন্যদিকে সিরাজদিখান উপজেলার দক্ষিণ লতব্দী গ্রামে সড়কের পাশ থেকে নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। তিনি উপজেলার চরগুলগলিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাসাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম গুরুতর আহত হন। তার অটোরিকশাটিও দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, ‘দুর্ঘটনার পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে তোলেন। পথে মৃত্যু হলে ঝামেলা এড়াতে মরদেহটি সড়কের পাশে ফেলে রেখে যান।’ বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে।

