কারামুক্তির এক সপ্তাহের মাথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত মাসের বেশি সময় কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বের হয়ে বাড়ি ফেরেন মোয়াজ। আগে তার কোনো গুরুতর শারীরিক সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
মোয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেছিলেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি ছিলেন।


