ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে সাপে কামড়ানোর পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমরান কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।
নিহতের পরিবার জানায়, রাত ১টায় বিদ্যুৎ না থাকায় গরমে বাইরে বের হন ইমরান। এসময় একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।
ইমরানের মামা খলিলুর রহমান জানান, পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে এন্টিভেনম না থাকায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর ভোর ৪টায় ইমরান মারা যান।


