আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান নিয়ে রীতিমতো মিউজিক্যাল চেয়ার খেলা চলে সাইম আইয়ুব আর সিকান্দার রাজার মধ্যে। কিছু দিন সাইম শীর্ষে তো আবার তাকে টপকে সবার ওপরে উঠে যান রাজা। সেই ধারাবাহিকতায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে থেকে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন জিম্বাবুয়ে অধিনায়ক।
আইসিসির সাপ্তাহিক র্যাংকিং হালনাগাদে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার এখন রাজা। দলকে সুপার এইটে তুলতে ব্যাট হাতে অবদান রেখেছেন এই ডানহাতি ব্যাটার।
এক ধাপ অবনমন হয়েছে পাকিস্তানের সাইমের। তার রেটিং পয়েন্ট ২৮১। তৃতীয় অবস্থানে অপরিবর্তিত আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। চারে নেপালের দীপেন্দ্র সিং আইরি। পঞ্চম অবস্থানে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। দুই ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে উঠেছেন শিভাম দুবে। তিন ধাপ এগিয়েছেন মোহাম্মদ নবী।
ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষ দুই ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। দুই ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে উঠেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান।
বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দুই অপরিবর্তিত থাকলেও ২১ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে এসেছেন দক্ষিন আফ্রিকার পেসার করবিন বশ্চ। এক নম্বরে ভারতের বরুণ চক্রবর্তী, দ্বিতীয় অবস্থানে রশিদ খান।


