জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজার নামাজ রোববার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদের অনুষ্ঠিত হবে।
বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজার পর সংসদের নির্ধারিত চত্ত্বরে তাকে সমাহিত করা হবে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এই তথ্য জানা যায়।
এদিকে মরদেহ জানাযার জন্য পঞ্চগড়ে নিয়ে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বিমানবাহিনীর হেলিকপ্টার উড্ডয়নে অপারগতা প্রকাশ করায় পঞ্চগড়ে মরদেহ আনা সম্ভব হচ্ছে না বলে নিশ্চিত করেন তার পরিবার। তবে মরদেহ আনা না হলেও পঞ্চগড় সদর,আটেয়ারী ও তেঁতুলিয়ায় গায়েবানা জানাযার আয়োজন করা হয়।
রোববার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা জমির উদ্দিন সরকার, ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি দিনাজপুর-১, ঢাকা-৯ ও পঞ্চগড়-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নবম সংসদে তিনি বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী হন।


