হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। যাত্রা শুরুর ২৩ মিনিট পর ফেরিটি মাঝনদী থেকে আবার আগের ঘাটে ফিরে আসে।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ফেরিটি ছেড়ে যাওয়ার পর ঢাকা থেকে চেয়ারম্যান ঘাটে পৌঁছান এমপি। এরপরই মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনা হয়। এমপি ও তার অনুসারীদের নিয়ে ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।
ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, ‘ফেরির মাস্টার প্রথমে জানিয়েছিলেন ফেরি ছাড়বে না। পরে আবার বিকাল সাড়ে ৩টায় ছাড়ার কথা বলেন। ছাড়ার ২৩ মিনিট পর ফেরিটি এমপিকে নিতে ফিরে আসে। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, ‘মাঝনদী থেকে হঠাৎ ফেরি ঘুরিয়ে ঘাটে আনা হয়। ঘাটে ফিরে দেখি এমপি হান্নান মাসউদ ও তার লোকজন ফেরিতে উঠছেন। বৈরী আবহাওয়ায় ভয় নিয়ে নদী পাড়ি দিচ্ছি, আর এমপি তার ক্ষমতা দেখালেন।’
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে। ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয় বলে দাবি করেন তিনি।
ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, ‘আমি বিস্তারিত জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার জানান, ঘাটে এমপি এসেছেন। ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। নির্দেশ অনুযায়ী ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। একজন ভিআইপির জন্য যাত্রীবাহী ফেরি মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


