ওভারটাইমের টাকা বাকি থাকায় প্রাইভেট কার নিয়ে পালায় এক চালক। পরে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল পেয়ে গাড়িটি উদ্ধার করে পুলিশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকার ভাটারা থানাধীন নতুনবাজার থেকে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার কাউকে কিছু না বলে তার গাড়ি নিয়ে চলে গেছে এবং সে ফোন কলও রিসিভ করছে না।
৯৯৯ জরুরি ভিত্তিতে বিষয়টি ডিএমপি ট্রাফিক কন্ট্রোলরুমে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে। পরে বংশালের চানখারপুল চৌরাস্তা থেকে ট্রাফিক সার্জেন্ট তৌফিক এলাহী সুজন গাড়িটি আটক এবং উদ্ধার করেন। পরে বংশাল থানার পুলিশদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেটকারটি থানায় নিয়ে যায় এবং গাড়িটি মালিককে ডেকে বুঝিয়ে দেয়।
প্রাইভেটকার চুরির অভিযোগে পটুয়াখালীর গলাচিপার মো. জলিল মৃধাকে (৫৯) গ্রেপ্তার করে।


