বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনের ফলাফলে অনিয়মের অভিযোগ তুলেছে আবাহনী-মোহামেডানসহ মোট ৪২টি ক্লাব। বোর্ডের সাথে ক্লাবগুলোর দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছে ঢাকার ক্লাব ক্রিকেট। ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও মাঠেই গড়ায়নি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। থমকে আছে তৃতীয় বিভাগ ক্রিকেট। কোনোরকমে হয়েছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট, প্রথম বিভাগ ক্রিকেট শুরু হয়েও মাঝপথে বন্ধ হয়ে গেছে।
ঘরোয়া ক্রিকেটের এই অচলাবস্থা কাটাতে এবার পদক্ষেপ নিচ্ছে বিসিবি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি মৌসুমের ডিপিএল শুরু করতে দলবদল ও সূচি নির্ধারণ করতে ঢাকার ক্লাবগুলোকে বৈঠকে ডেকেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। বিসিবি জানিয়েছে, আগামী ৮ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে বৈঠকটি।
তৃতীয় বিভাগ থেকে ২৪টি ও প্রিমিয়ার ডিভিশন থেকে ১২টি ক্লাবকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে সিসিডিএম। কিন্তু ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তৃতীয় বিভাগের পাঁচটি ক্লাবের কেবল সম্মতি আছে এবারের মৌসুমে অংশগ্রহণের, যেখানে প্রিমিয়ার ডিভিশনের কেবল তিনটি ক্লাব আগ্রহ দেখিয়েছে।
সর্বশেষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ দাবি করে বিসিবির অধীনে সব ধরনের টুর্নামেন্ট বয়কট করেছে ঢাকার বেশিরভাগ ক্লাব। নির্বাচনকালীন অনিয়ম খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠিও দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল-সহ পঞ্চাশের অধিক ক্লাবের প্রতিনিধি। সেই ধারাবাহিকতায় পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে এনএসসি। নির্বাচনে অংশ নেয়া ও শেষ মুহূর্তে সরে যাওয়া অনেক প্রতিন্দ্বন্দ্বীই ইতোমধ্যে মুখোমুখি হয়েছে তদন্ত কমিটির।
দেশে ফিরে দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেনকে নিয়ে সাক্ষাৎকার দিয়ে এসেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। তাদের আগে বিসিবির একাধিক পরিচালকও হাজির হন তদন্ত কমিটির সামনে। গেল ১১ মার্চ গঠিত এই স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করার কথা ছিল ১৫ কর্ম দিবসের মধ্যে। কিন্তু রমজান ও ঈদ-উল-ফিতরের ছুটির জন্য তা পিছিয়ে গেছে।


