নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিটিটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই শিশুকে হেফাজতে নেওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, হেফাজতে নেওয়া শিশুর সঙ্গে শেরে বাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর যোগাযোগ ছিল।
সিটিটিসির তথ্য অনুযায়ী, শিশুটি অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিল। সে দাওলাতুল ইসলামের (আইএস) পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করত। এ ছাড়া বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিত।
আইন অনুযায়ী, হেফাজতে নেওয়া শিশুকে আদালতে পাঠানো হয়েছে।


