দেশে হামের সংক্রমণ অব্যাহতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৭৯২ জনে। শুধু গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ৯৪৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।
হামে মৃত্যুও অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। সব মিলে হামের উপসর্গ নিয়ে ৯৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, পূর্ববর্তী প্রতিবেদনে জেলা পর্যায়ের ভুল তথ্যের কারণে কিছু অসামঞ্জস্য ছিল। সেই কারণে ব্রাহ্মণবাড়িয়ার তিনজন, লক্ষ্মীপুরের একজন এবং চাঁদপুরের একজনসহ মোট পাঁচজনের মৃত্যু জাতীয় হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। তবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে একজনের মৃত্যুর তথ্য যুক্ত করা হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগ এখন সংক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে ৩১৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৩৫৮ জন। রাজশাহী বিভাগে ১৯৪ জন নিশ্চিত আক্রান্ত, আর চট্টগ্রাম বিভাগে ১০২ জন আক্রান্ত হলেও মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি।
খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে সংক্রমণ তুলনামূলক কম হলেও নতুন রোগী নিয়মিত শনাক্ত হচ্ছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৩ হাজার ৭৭৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৫২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মহাখালীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে এমআইএস ইউনিট। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশেষ করে ঢাকা ও উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে, কারণ সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের প্রত্যেক কর্মীর সব ধরনের ছুটি স্থগিত বা বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।


