সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট না করেন-বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা জারি করা হয়েছে।
একইসঙ্গে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত চিঠিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারিকা ২০১৯’ সব কর্মচারী কর্মচারীর জন্য প্রযোজ্য। এই নির্দেশিকা অমান্য করা চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
যেসব শিক্ষক চাকরিবিধি অমান্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা টাইমস অব বাংলাদেশকে জানান, এটি অভ্যন্তরীণ বিষয়। এখনো এ বিষয়ে বাইরে কোনো চিঠি প্রকাশ করা হয়নি।
তবে প্রাথমিকের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে শিক্ষকদের প্রতি নির্দেশনা জারি করবে অধিদপ্তর।


