প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। আগামী এক বছরের জন্য তিনি চুক্তিভিত্তিক এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে তার চাকরির মেয়াদ শুরু হবে। সেজন্য তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক থাকলে তা ত্যাগ করার শর্ত দেওয়া হয়েছে।
গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এ বি এম আবদুস সাত্তার। তার আগে তিনি দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।


