সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবার শুরু হয়েছে আমদানি-রপ্তানি। এতে প্রাণচাঞ্চল্য ফিরেছে পুরো বন্দর এলাকায়।
শনিবার সকাল থেকেই কর্মব্যস্ততা দেখা যায় বন্দরের কর্মীদের মধ্যে। এরই মধ্যে ভারতীয় পণ্যবাহী ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে। পণ্যবাহী বাংলাদেশী ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে যাচ্ছে।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, দুর্গাপূজা উপলক্ষে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছয় দিন বন্দর বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার আবারও দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
টানা ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করেছেন বলে জানান ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান।
ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই এই কদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল।


