চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড়-দেয়ালধসে সৃষ্ট পরিস্থিতিতে ৯ থেকে ১৫ জুলাই পর্যন্ত সাত দিনের ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগর শাখা। একই সঙ্গে উপদ্রুত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদারে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকালে নগরের বিআইএ ভবনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। পাহাড় ও দেয়ালধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।
বৈঠকে জানানো হয়, বাকলিয়া, বায়েজিদ, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার, খাতুনগঞ্জ, ডবলমুরিং, পতেঙ্গা, হালিশহরসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
অসংখ্য বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। প্রধান সড়ক জলমগ্ন থাকায় পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি সড়ক ও রেলপথে চট্টগ্রামের সঙ্গে বিভিন্ন জেলার যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জলাবদ্ধতা নিরসনের চলমান প্রকল্পগুলো জবাবদিহিতার অভাবে ‘নেভার এন্ডিং’ প্রকল্পে পরিণত হয়েছে। সিটি করপোরেশন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিপুল অর্থ ব্যয়ের পরও নগরবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ করেন।
‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ বাস্তবায়নে গঠিত ১৯ সদস্যের কমিটিতে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনকে আহ্বায়ক, সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে নগর সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক, সাবেক কাউন্সিলর শফিউল আলম এবং মহানগরের ১৪টি সাংগঠনিক থানার সেক্রেটারিদের সদস্য করা হয়েছে। বৈঠকে নগর জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


