জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় পড়া শুরু হয়েছে।
সোমবার শুনানিতে অংশ নিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে চার আসামিকে।
গত মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করার কথা থাকলেও সেদিন রায় ঘোষণা করা হয়নি। পরে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।
এই মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন-সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। আসামিদের মধ্যে হাবিবুরসহ প্রথম তিন আসামি পলাতক।
এর আগে গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল থেকে এ মামলার প্রথম রায় ঘোষণা করা হয়। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মামলাটির অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবেক আইজিপি মামুন নিজের অপরাধ স্বীকার করায় ওই মামলায় তিনি রাজসাক্ষী ছিলেন।
গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।
মামলার রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি দেখানো হবে বলেও প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার হবে।


