সমর্থকদের বিপুল প্রত্যাশা নিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এসেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা থেকে শুরু করে জার্সি উন্মোচন সবকিছুতেই ছিল উন্মাদনা। সমর্থকরা রীতিমতো বাস ভাড়া করে সিলেট গিয়েছেন দলকে সমর্থন দিতে। কিন্তু সেই সমর্থনের প্রতিদান নোয়াখালী দলের ক্রিকেটাররা একেবারেই দিতে পারেননি। টানা ছয় ম্যাচ হেরে অনানুষ্ঠানিকভাবে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
প্রত্যাশার বিপরীতে এই পারফরম্যান্স পীড়া দিচ্ছে দলটির ডিরেক্ট সাইনিং সৌম্য সরকারকেও। বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে সমর্থকদের উদ্দেশ্যে সরি বলেছেন এই বাঁহাতি ওপেনার।
নোয়াখালীর টানা ষষ্ঠ হারের দিনে ৪৩ বলে ৫৯ রান করা সৌম্য বলেন, ‘সমর্থকদের জন্য তো খারাপ লাগেই। কিন্তু উনারা কি আমাদের খারাপ লাগাটা দেখছে কিনা এটা জানি না। আমরাও চেষ্টা করছি তাদের, তাদেরকে খুশি করার জন্য। হ্যাঁ, আমরা ব্যর্থ হচ্ছি। এজন্য তাদের কাছে আমরা সরিই বলব।’
নিজেদের ব্যর্থতা স্বীকার করে সৌম্য আরো বলেন, ‘তারা এত কষ্ট করে খেলা দেখতে আসে, রান দেখার জন্য মাঠে আসে, তাদেরও আশা থাকে আমরা রান করব, উইকেট নেব। কিন্তু আমরা সেইটা দিতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা’, বলতে পারেন, ব্যাটসম্যানদের একটা ব্যর্থতা বলতে পারেন।’
নোয়াখালীত হাতে আছে বাকি আছে আরো চার ম্যাচ। সেসব ম্যাচের সবগুলো জিতলেও প্লে অফে ওঠা এক প্রকার অসম্ভবই বলা চলে। প্লে অফে যাওয়ার আলোচনা দলে হয় কিনা, এই প্রশ্নের জবাবে সৌম্য জানান, তারা প্রথমে একটা ম্যাচ জিততে চান, ‘আমাদের আসল চিন্তা একটা ম্যাচ আগে জিততে হবে। যেটা জিতলে মোমেন্টামটা আসবে।’


