ছাত্র–জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) কর্তৃক ইস্যু করা একটি চিঠিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘এটা পুরো বাংলাদেশের নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অভিযান৷ এটা সম্পর্কে ডিএমপি বিস্তারিত বলতে পারবে।’
‘এই যে সংবাদ খোঁজার প্রয়োজনে আপনারা আমাকে ধরেছেন। একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ নেয়া হয় বা অভিযান পরিচালনা করা হয়।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশে সব অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সাথে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে, আমরা তাদেরকে ভিসা দিচ্ছি ৷ যাদের সাথে চুক্তি নেই, তাদেরকে আমরা অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছি না।’
উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটি টিম আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল, তারা পুলিশ সদর দফতরে পুলিশের সঙ্গে একটা কনফারেন্সে অংশগ্রহণ করবে।
সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, ‘রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সে ঘটনার তদন্ত চলছে।’


