ঢাকার আরও ৪ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, ফাঁকা ৩

ঢাকার আরও ৪ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, ফাঁকা ৩
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে আগেই ১৩টিতে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। তখন ফাকা ছিল ৭টি আসন। বৃহস্পতিবার আরও ৪টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। ফাঁকা রেখেছে আরও তিন আসন।

এদিন বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৬৩ আসনের মধ্যে ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত ৩ নভেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি।

বৃহস্পতিবার ঘোষিত ৪টি আসনের মধ্যে ঢাকা-৭ আসনে মনোনয়ন পেঢেছেন নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হামিদুর রহমান। আসনটি ঢাকার লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর (আংশিক) ও কোতোয়ালি (আংশিক) নিয়ে গঠিত।

ঢাকা-৯ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব। এই এলাকাটি ঢাকার সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত।

ঢাকা-১০ আসনে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। এই এলাকাটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত।

আরও পড়ুন

এদিকে, ঢাকা-১৮ আসনে দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে। এই এলাকাটি ঢাকার বৃহত্তর উত্তরা ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত।

এ ছাড়া ফাঁকা রাখা ৩টি আসন হচ্ছে ঢাকা-১৩, ঢাকা-১৭ এবং ঢাকা-২০। এর মধ্যে ঢাকা-১৩ আসনে শরীক দল বিএনপি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় নির্বাচনী প্রচারে কাজ করছেন। এই আসনের নির্বাচনী এলাকা মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর (আংশিক) নিয়ে গঠিত।

ঢাকা-১৭ আসনে মিত্র দল জোটের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নির্বাচনী প্রচারে জোরেশোরে কাজ করছেন। এই এলাকাটি ঢাকা ক্যান্টনমেন্ট ও গুলশান-বনানী এলাকা নিয়ে গঠিত।

অন্যদিকে, ঢাকা-২০ আসনটি ধামরাই উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চারজন। তারা হলেন-ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস (মুরাদ), ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। এই আসনে কাউকে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad