মানবতবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি গণমাধ্যমগুলোকে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ঢাকার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই আহ্বান জানান।
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভারতের গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়ালি ব্রিফিং করবেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও দেশের কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাহেদ উর রহমান।
তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনাকে ধরে-বেঁধে ফিরিয়ে আনতে চাই। একই সঙ্গে সব ধরনের আইনগত অধিকার তিনি পাবেন তাও বলেছি।’
দুই বছর আগে শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো দেশে ফ্যাসিস্ট সরকারের কেউ আছেন কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারী অনেকে আছেন। চাইলেই সবাইকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।’
পাঁচ মাস আগে ক্ষমতায় আসা-বিএনপি কোন রাজনৈতিক চাপে আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কোনো রাজনৈতিক চাপে নেই। আগের সরকার ক্ষমতায় থাকার জন্য কিছু দেশের সঙ্গে সমঝোতা করত। কিন্তু এই সরকার তা করে না। কারণ, জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে এই সরকার।’
দীর্ঘদিন ধরে ভারতে নির্বাসিত থাকা বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কিছু করার নেই।’


