রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, প্রার্থী চূড়ান্তে রোববার বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, প্রার্থী চূড়ান্তে রোববার বৈঠক
ছবি: বাসস
Advertisement
Advertisement

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। তবে নির্বাচনে দলীয় প্রার্থী নাকি ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী দেওয়া হবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে রোববারের বৈঠকে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে জানানো হয়, বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই বিরোধী দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন

জামায়াতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী জোটের রাজনৈতিক তৎপরতা আরও স্পষ্ট হয়ে উঠল।

বিশেষ করে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হলে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের অবস্থানও আনুষ্ঠানিকভাবে সামনে আসবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংবিধান সংস্কার, ১১ দলীয় ঐক্যের ঘোষিত চলমান রাজনৈতিক কর্মসূচি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের পরবর্তী করণীয় নিয়েও আলোচনা করেন নেতারা।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি রোববারের ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে জোটের রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad