চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না।
বুধবার বিকালে চট্টগ্রাম সিটি কলেজে সংগঠনটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি পুরাতন রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করে এবং সংগঠনের প্রতিটি নেতাকর্মীর অবস্থান স্পষ্ট। কিন্তু প্রতিপক্ষ গোপনে হামলা চালিয়ে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে চায়। মতপার্থক্য থাকলে তা যুক্তি ও আলোচনার মাধ্যমে প্রকাশ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন,কোনো বক্তব্য বা লেখা অপছন্দ হলে পাল্টা মতামত দেওয়া যেতে পারে, কিন্তু সহিংসতার পথ বেছে নেওয়া স্বাভাবিক রাজনৈতিক চর্চার পরিপন্থি।
নাছির উদ্দীন নাছির আরও বলেন, চট্টগ্রাম সিটি কলেজের সাম্প্রতিক ঘটনায় সংগঠনের বহু নেতাকর্মী আহত হয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ করে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দীন বাবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলম রবি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল।
এর আগে মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে।


