জুলাই গণঅভ্যুত্থানের পর দায়ের করা একাধিক হত্যাসহ ১৩টি পৃথক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্যে আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বুধবার রাষ্ট্রপক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে আদেশের দিন ধার্য করেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন জ্যোতির্ময় বড়ুয়া।
রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ২০২৪ সালের ৩১ আগস্ট এই সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠায় আদালত। ওই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।
শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ।


