কানাডার ক্যালগেরিতে আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে ৪২তম বার্ষিক জলসা সালানা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ধর্মীয় আলোচক, কমিউনিটি প্রতিনিধি ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা জামাতের প্রায় ছয় হাজার সদস্য অংশ নেন।
সম্প্রতি এই সম্মেলনে খাতামান নবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা ও ইসলামের মৌলিক বিশ্বাস নিয়ে আলোচনা হয়। বক্তারা বিশ্বশান্তি, সহনশীলতা ও আন্তধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকেরা জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক উন্নতি, ইসলামের শিক্ষা ও মূল্যবোধ তুলে ধরা। পাশাপাশি বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়ানো।
সম্মেলনে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় বিষয়ে প্রশ্ন করেন ও মতামত তুলে ধরেন।
স্থানীয় মুসলিম কমিউনিটির পাশাপাশি অন্যান্য ধর্ম ও সংস্কৃতির মানুষেরাও সম্মেলনে অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন ক্যালগেরির বহুসাংস্কৃতিক সমাজে ধর্মীয় আলোচনা, পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।


