রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডুবে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
এ কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মেক এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক।
চিঠিতে বলা হয়, সরেজমিন তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করতে হবে।
তদন্ত কমিটি বাস ডুবির ঘটনার কারণ ও সংশ্লিষ্ট দায়িত্ব নির্ধারণের জন্য দ্রুত তদন্ত সম্পন্ন করবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। বাসটিতে ৪৫ জনের মতো যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত এ ঘটনায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


