জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন। সেই সঙ্গে অংশ নেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নারীরা। ফলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের জামাত আদায়ের এই দৃশ্য বাংলাদেশের জন্য তুলনামূলক নতুন। এই বিশেষ জামাতের অংশ হতে তাই ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন মুসল্লীরা। সবার মধ্যেই ছিল এক ধরনের উদ্দীপনা।
নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
ঈদের এই জামাত ঘিরে জাতীয় ঈদগাহে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।


