সুপ্রিম কোর্টের বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে বুধবার আদালত প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
সংবিধান, মানবাধিকার ও বিচার বিভাগ বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন হিসেবে পরিচিত এলআরএফ জানিয়েছে, সকাল সাড়ে ১১টা থেকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এই দাবির প্রতি সংহতি জানাতে কর্মসূচিতে উপস্থিত থাকবেন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি মতিউর রহমান চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এলআরএফ জানিয়েছে, গত ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে।
সংগঠনটির দাবি, এর ফলে বিচারাধীন মামলার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকেরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধার মুখে পড়ছেন।
এলআরএফ বলেছে, সাংবাদিকদের আদালতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ না থাকায় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, উন্মুক্ত বিচারব্যবস্থা এবং জনগণের তথ্য জানার অধিকার প্রশ্নের মুখে পড়ছে।
পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে সুপ্রিম কোর্টের সব বিচারকক্ষে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবি জানাবে সংগঠনটি। অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সেই দাবির প্রতি সমর্থন জানাবে।


