চোরাচালান রোধে রাজধানী ঢাকার ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা।
মঙ্গলবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার রাত সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা।
এ সময় সন্দেহজনক তিনটি ভ্যানগাড়িতে তল্লাশি চালিয়ে এসব শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়। তবে মালামালের প্রকৃত মালিককে না পাওয়ায় ভ্যানচালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
পরবর্তীতে জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়া শেষে বংশাল সার্কেলের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত জানিয়েছেন এই কর্মকর্তা।


