ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে গিয়ে কাঁটাতার কাটার সময় মহেন্দ্র এলাকায় বিএসএফের রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আহত যুবক সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।
জানা যায়, রুবেল হোসেনসহ একদল মানুষ ভোররাতে সীমান্তের শ্রীনাথপুর বিওপি সংলগ্ন এলাকা দিয়ে গরু আনাসহ চোরাচালানের জন্য ভারতে ঢোকার চেষ্টা করে। ওই সময় তারা ভারতের ভেতরে মহেন্দ্র এলাকায় গিয়ে কাঁটাতার কাটার চেষ্টা করে। তখন মহেন্দ্র ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের দিকে রাবার বুলেট ছোঁড়ে। এতে গুরুতর আহত হয় রুবেল।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, ‘গুলির ঘটনার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে। রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে আমরা জানতে পেরেছি। প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।’


