রাজধানী ঢাকার দীর্ঘস্থায়ী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তিনি বলেন, ‘ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে দ্রুত কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজধানীর ট্রাফিক ব্যবস্থার সার্বিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামসুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ বৈঠকে অংশ নেন।
এ সময় তাদের কাছ থেকে সম্ভাব্য করণীয় ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে মতামত শোনেন প্রধানমন্ত্রী।
বৈঠকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন নিয়েও স্থপতিদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। সংশ্লিষ্ট নকশা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তাদের মতামতও নেন তিনি।
এদিকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান আতিকুর রহমান রুমন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকাল ৯টা ১৩ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। রোববারও তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।


