রাজশাহীতে একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম আদিব আহনাফ। সে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। আদিব বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, রোববার রাতে দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সসস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন সোমবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি আদিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে ধারণা করছেন তারা।
এ বিষয়ে নিহতের মামা মো. মোকছেদ আলী বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
পরিবারের পক্ষ থেকে কর্ণহার থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হবে।’


