রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত চার সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মানিকদী আমতলা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার একটি ঘটনার তদন্তে নামে পুলিশ।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চার কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাসার ছাদের ইটের স্তূপের ভেতর থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পার্টি করার সময় অস্ত্রটি দেখানোর একপর্যায়ে অসাবধানতাবশত গুলি ছুটে একজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া, আটককৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্রটি ব্যবহার করে কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।
এ ঘটনায় অস্ত্র আইনে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে। আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


