আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ ৯২ হাজার ৩১৭ জন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় জেলাটিতে এবার ভোটার বেড়েছে এক লাখ ৩ হাজার চারজন। এবারের মোট ভোটারের মধ্যে পুরুষ আট লাখ দুই হাজার ১১৭ জন, নারী সাত লাখ ৯০ হাজার ১৯০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।
এবারের নির্বাচনের অন্যতম বিশেষ দিক হলো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান। নীলফামারীর চারটি আসনে মোট ১২ হাজার ১১ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে দুই হাজার ৮৯৬ জন নারী এবং নয় হাজার ১১৫ জন পুরুষ ভোটার রয়েছেন। বিশেষ করে প্রবাসে অবস্থানরত ভোটারদের কাছে ইতিমধ্যে ডাকযোগে ব্যালট পেপার প্রেরণ করা হয়েছে। তারা ভোট প্রদান শেষে পুনরায় ডাকযোগেই নির্দিষ্ট ঠিকানায় ব্যালট ফেরত পাঠাবেন। পোস্টাল ভোট গণনার জন্য প্রতিটি আসনে একটি করে পৃথক গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
আসনভিত্তিক তথ্যে দেখা যায়, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বর্তমান ভোটার চার লাখ ৬০ হাজার ২৭২ জন, যেখানে কেন্দ্র সংখ্যা ১৫৪টি। এই আসনে পোস্টাল ভোটার রয়েছেন তিন হাজার ৬৬২ জন। নীলফামারী-২ (সদর) আসনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৮৫ হাজার ৭৮৫ জনে। এই আসনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন দুই হাজার ৮১৫ জন।
অন্যদিকে, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মোট ভোটার দুই লাখ ৯৪ হাজার ৪৪৬ জন এবং এখানে দুই হাজার ৩৬৯ জন পোস্টাল ভোটারের আবেদন জমা পড়েছে। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে ভোটার সংখ্যা চার লাখ ৫১ হাজার ৮১৪ জন। এই আসনে তিন হাজার ১৬৫ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
জেলায় ভোটার বাড়ার পাশাপাশি ভোটকেন্দ্রের সংখ্যাও কিছুটা বেড়েছে। গত নির্বাচনে মোট কেন্দ্র ৫৬২টি থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩টিতে। জেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফুল কবির সরকার জানান, নির্বাচনের সকল প্রস্তুতি নিয়মমাফিক সম্পন্ন করা হচ্ছে এবং পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।


