নীলফামারীর ডোমারে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ট্রাকচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কের একবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়া গ্রামের বাসিন্দা ওলি বর্ম্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্ম্মন (৪০), তার ছোট ভাই প্রদীপ বর্ম্মনের স্ত্রী প্রতিমা বর্ম্মন (৩০), প্রতিমার মেয়ে বিপাশা বর্ম্মন (৮) ও ছেলে যাদব বর্ম্মন (৪)।
আহতরা হলেন প্রতিমা বর্ম্মনের জমজ সন্তান নম্রতা বর্ম্মন (৪) এবং একই ভ্যানের যাত্রী সহিদুল ইসলাম (৪০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে আসা একটি ট্রাক একবট এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ট্রাকটিও সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে হতাহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাবিব জানান, দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় নদীয়াপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও নিহতদের বাড়িতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।


