চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি আইয়ুব আলীকে (৫৬) রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা, একটি ব্যবহৃত মোবাইল ফোন এবং ঘটনার সময় পরিহিত প্যান্ট ও শার্ট জব্দ করা হয়।
সোমবার জেলা পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
পুলিশ জানিয়েছে, গত ২৪ জুন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ফি কালেকশন এটিএম বুথে এ চুরির ঘটনা ঘটে। বুথটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বুথ তালাবদ্ধ রেখে বাইরে গেলে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পূর্বপরিকল্পিতভাবে তৈরি করা একটি নকল চাবি ব্যবহার করে ভেতরে প্রবেশ করেন। পরে ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লাখ টাকা নিয়ে তিনি পালিয়ে যান। কর্মকর্তা ফিরে এসে টাকা না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানা তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান, মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আন্তঃজেলা সমন্বিত অভিযানের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। তদন্তে জানা যায়, গ্রেপ্তার এড়াতে তিনি একাধিকবার অবস্থান পরিবর্তন করে প্রথমে কক্সবাজার এবং পরে রংপুরে আত্মগোপন করেন। পরে রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি আইয়ুব আলীর বাড়ি কক্সবাজার সদর উপজেলার বৈদ্যেরঘোনা, জাদিপাহাড় রোডের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি প্রায় দেড় বছর ধরে সংশ্লিষ্ট এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা এবং সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত তদন্ত ও অভিযানের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


