দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রোববার দেওয়া বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দামে ২১ ক্যারেটের ভরি পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ২৩ হাজার ৬৭ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত ৫০ বার দাম সমন্বয় হলো। এর মধ্যে ৩৪ বার বেড়েছে, কমেছে ১৬ বার।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা।


