রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
পরিদর্শন শেষে শনিবার সাংবাদিকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি (উপদেষ্টা)।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। টিটিসি দেখতে এসেছি। রোববার লিগ্যাল অফিস ও কোর্টে যাব। এই দুই কাজে এসেছি। পরে কথা হবে।’
এর আগে সকাল সোয়া ১০টার দিকে কেন্দ্রটির প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন উপদেষ্টা এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
টিটিসির ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত। দেশে শতাধিক টিটিসি আছে। দেশে ও বিদেশে কর্মসংস্থানে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজশাহীর মহিলা টিটিসি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।’
পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারসহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


