ঝিনাইদহে পুরোনো মুদ্রা, ডাকটিকেট ও এন্টিক সামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা। ঝিনাইদহ জেলা কালেক্টরস সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীতে জেলার ২০ জন সংগ্রাহক তাদের সংগৃহীত ডাকটিকেট, মুদ্রা ও এন্টিক সামগ্রী প্রদর্শন করেন। প্রদর্শনী দেখতে আসেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রদর্শনীতে সেন আমল, গুপ্ত সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্যসহ অনেক প্রাচীন আমলের মুদ্রা, চীনা ঘোষ্ট কয়েন, পুরোনো ডাক টিকেট, দলিল, চিঠি, পুরোনো বই, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বলেন, যারা শখের বসে পুরোনো মুদ্রা, ডাকটিকেট, বই, দলিল-দস্তাবেজ ও শিল্প-সামগ্রী সংগ্রহ করে, এটা অবশ্যই ভালো কাজ। তারা অতীতের ইতিহাস সংরক্ষণ করছেন। এমন প্রদর্শনী থেকে দর্শকরা ইতিহাস সম্পর্কে হাতেকলমে ধারণা পাবে।
ঝিনাইদহ জেলা কালেক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক আবির হোসেন মিয়া জানান, এই জেলায় যারা প্রাচীন মুদ্রাসহ, পুরোনো বই, ডাকটিকেট ও এন্টিক সামগ্রী সংগ্রহ করেন তাদের নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আরও অনেকে আগ্রহী হবে এবং এ আয়োজন থেকে অনেকেই অতীত ইতিহাসের খোঁজ পাবে।


