আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন জুলাই গণআন্দোলনের সম্মুখসারির এই নেতা।
পাশাপাশি এনসিপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে সক্রিয় থাকবেন বলেও জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের ঘোষণা দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমার একার সংসদে যাওয়ার চেয়ে যদি আমার সহযোদ্ধাদের আরও বেশি সংখ্যায় সংসদে পাঠাতে পারি, সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।’
ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক পর্ষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনী সময়ে তিনি নিজে প্রার্থী হবেন না। বরং দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে এবং সংসদে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর গড়ে তুলতে কাজ করবেন।’
‘এ কারণে তাকে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে। নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে এই কমিটি নতুন করে পুনর্গঠন করা হবে’ বলেও জানান নাহিদ ইসলাম।
পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দলের নীতিনির্ধারণী রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পরবর্তী সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তিনি ঢাকা–৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদ হাদীর অসমাপ্ত লড়াই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে।
তিনি আরও জানান, আজ তিনি নিজেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণের কারণে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং প্রকাশ্যভাবে দায়িত্ব হস্তান্তর করছেন।


