ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমদ খান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিতভাবে অবহিত করার অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে উপাচার্য শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি, জাতীয় কবির সমাধির পাশে শহীদ ওসমান হাদির দাফনের ব্যবস্থা, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন আবাসিক হল সংস্কারের অগ্রগতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ চলমান উন্নয়ন কার্যক্রম, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
এ সময় মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ভূমিকার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ মর্যাদা প্রাপ্তির বিষয়ে প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করেন উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ সব ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ মর্যাদা প্রাপ্তির লক্ষ্যে গঠিত কমিটি সোমবার এ সংক্রান্ত একটি ধারণাপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হস্তান্তর করেছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ মর্যাদা পাওয়ার জন্য প্রযোজ্য বিষয়সমূহ চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে চলতি বছরের জানুয়ারিতে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত তাজমেরী এস এ ইসলাম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো আখতার হোসেন খান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


