রাজধানীর আরামবাগে এসি মেরামতের দোকানে বিস্ফোরণে দুই কর্মচারী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে আরামবাগ ওয়ান্ডার্স ক্লাবের পাশে ‘মিউচ্যুয়াল রেফ্রিজারেটর’ নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, তামিম (২৩) ও বিল্লাল হোসেন শুভ (২১)।
তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আরাফাত হোসেন শাওন জানান, সন্ধ্যায় দোকানে এসি মেরামতের কাজ করছিলেন ওই দুইজন। এসিতে গ্যাস ভরার সময় কোনো একটি ভুলের কারণে সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে শুভ ও তামিম দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বর্তমানে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।


