গাজীপুর মহানগরের ভাওয়াল রাজবাগান এলাকায় এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন।
বুধবার সদর থানায় মামলাটি করেন তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর নাম আতিকুর রহমান তালুকদার। তিনি গাজীপুর মহানগরের চাপুলিয়া এলাকার আবুল কালাম আজাদ তালুকদারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর কলাপট্টি এলাকায় কর্মস্থলে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন আতিকুর রহমান। এ সময় তার বন্ধু মারুফ হাসান তাকে অটোরিকশায় তুলে হাড়িনাল নোয়াগাঁও এলাকার ভাওয়াল রাজবাগানের ভেতরে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন আরও কয়েকজন যুবক।
অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছামাত্র মারুফ ছুরি বের করে ভয়ভীতি দেখান। পরে সবাই মিলে আতিকুরের হাত-পা ও মুখ বেঁধে ফেলেন এবং মারধর করেন। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ১ হাজার ৪৫০ টাকা নিয়ে নেন। এরপর তার মোবাইল ফোন দিয়ে স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে সদর থানার টহল দল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে এবং আতিকুরকে উদ্ধার করে। এ সময় অন্যরা পালিয়ে যান।
গ্রেপ্তাররা হলেন মতিউর রহমানের ছেলে মারুফ হাসান, মৃত আবুল হোসেনের ছেলে তানজিব হোসেন, আব্দুল লতিফের ছেলে মো. সোহরাব এবং সিয়াম।
পুলিশ জানিয়েছে, আটক আসামির কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ছুরি ও হাত-পা বাঁধার রশি জব্দ করা হয়েছে। আহত আতিকুরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


