নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী ‘মিউজ’ চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার শেয়ারের দাম বেড়ে ২০২৫ সালের গ্রীষ্মের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের শুরুতে গত সোমবার এক লাফে মেটার শেয়ারের দাম ১১ শতাংশের বেশি বাড়ে, যা ২০২৫ সালের এপ্রিলের পর এক দিনে সর্ববৃহৎ উত্থান। বৃহস্পতিবার পুনরায় ৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে প্রায় ৭৭৮ ডলারে।
মার্চের শেষ দিকে তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব সংক্রান্ত দুটি আদালতের রায়ের পর শেয়ারের দাম প্রায় ৫২৫ ডলারে নেমে গিয়েছিল। পরবর্তী সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগের কারণে কোম্পানিটির আয়-ব্যয়ের ওপর চাপ সৃষ্টি হওয়ায় জুলাইয়ে আবারও দরপতন ঘটে। চলতি বছর এআই খাতে মেটার ব্যয় ১৪৫ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
মেটার সিংহভাগ আয় বিজ্ঞাপননির্ভর হওয়ায় এআই খাতের বিপুল খরচ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছু উদ্বেগ থাকলেও গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এবং ১৮ সেপ্টেম্বর কানাডায় ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য মিউজ চালু করা হয়। ভ্রমণ বুকিং, ই-মেইল পাঠানো বা অনলাইন কেনাকাটার সুবিধাযুক্ত এই এআই এজেন্টটি বিনামূল্যে নির্দিষ্ট সীমায় ব্যবহার করা গেলেও অতিরিক্ত ব্যবহারের জন্য মাসে ২০ ডলার ও ১০০ ডলারের দুটি ঐচ্ছিক সাবস্ক্রিপশন রাখা হয়েছে।
অ্যাপ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপটোপিয়া জানায়, চালুর প্রথম দুই সপ্তাহের কম সময়ে উত্তর আমেরিকায় আইফোনে মিউজ ১৮ লাখ বার ডাউনলোড হয়েছে। ২০২৩ সালের মে মাসে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাপ হিসেবে চালুর পর একই সময়ে ১৩ লাখ বার ডাউনলোড হয়েছিল।
মেটার বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনে জানানো হয়, মিউজ শিগগিরই তাদের স্মার্ট চশমায় যুক্ত হবে। তা ছাড়া ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ফলে কেনাকাটা থেকে কমিশন আয়ের নতুন পথ তৈরি হবে। তবে গত রোববার অনলাইন বাণিজ্য জায়ান্ট অ্যামাজন মিউজকে তাদের ওয়েবসাইটে প্রবেশে বাধা দেয়।
অ্যামাজনের অভিযোগ, এআই এজেন্টটি নিজের পরিচয় গোপন রেখে গ্রাহকদের লগইন তথ্য সংরক্ষণ করছিল। অবশ্য মেটা জানিয়েছে, মিউজ ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা পেমেন্ট সংক্রান্ত তথ্য দেখতে পায় না।
বিনিয়োগ ব্যাংক জেপিমরগ্যান মেটার শেয়ারের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৯২০ ডলার করলেও গবেষণা প্রতিষ্ঠান ওপেনহাইমারের জরিপে উঠে এসেছে, মার্কিন নাগরিকদের মাত্র ৮ শতাংশ মেটার কাছে অন্যান্য অ্যাপের পাসওয়ার্ড সংরক্ষণে আস্থা রাখেন; যেখানে গুগলের ক্ষেত্রে এই হার ৩০ শতাংশ। তবে মেটার দাবি, দৈনিক তাদের প্ল্যাটফর্মে ৩৬০ কোটির বেশি মানুষ সক্রিয় থাকেন, যা মিউজের প্রসারে বড় ভূমিকা রাখবে।
২০২৩ সালে এক্সের সঙ্গে প্রতিযোগিতায় মেটা ‘থ্রেডস’ চালু করে। থ্রেডসে মাত্র পাঁচ দিনে ১০ কোটি সাইনআপ হলেও পরে প্রবৃদ্ধির গতি কমে যায়। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানায়, চলতি বছরের জানুয়ারিতে থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ১৪ কোটি।


