দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের শরীরে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৮৩ জন এবং নিশ্চিত হামে ১০১ জনসহ মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হলো।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৩ জন মারা গেছেন ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
এ ছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪৩ এবং রংপুর বিভাগে ১৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে নতুন ভর্তি ১ হাজার ৯৫ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৫০ জন, চট্টগ্রামে ২৬৬, খুলনায় ১০৫, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ৪৩ এবং রংপুর বিভাগে ১৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখা হচ্ছে। হাসপাতালে আসা বা ভর্তি থাকা রোগীদের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়; সব রোগীর পরীক্ষা না হওয়ায় নিশ্চিত আক্রান্তের প্রকৃত সংখ্যা এতে উঠে আসে না।


