দেশের খনিজ বালু শিল্পের গবেষণা ও উন্নয়নে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলস লিমিটেড সমঝোতা স্মারক সই করেছে।
মঙ্গলবার ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এম. মঈনুল ইসলাম ও এভারলাস্ট মিনারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসাইন টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
সমঝোতার আওতায় খনিজ বালু নিয়ে গবেষণা, তথ্য ও জ্ঞান বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতা করবে দুই প্রতিষ্ঠান।
ভোলা, পটুয়াখালী ও নোয়াখালীসহ নদী ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় দ্বীপাঞ্চলে খনিজ বালুর নমুনা সংগ্রহ করা হবে। এসব নমুনার ভৌত ও রাসায়নিক বিশ্লেষণসহ প্রয়োজনীয় গবেষণা পরিচালনা করবে কমিশন।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দেশের প্রাকৃতিক সম্পদের বৈজ্ঞানিক অনুসন্ধান ও প্রযুক্তিনির্ভর ব্যবহার নিশ্চিত করতে সরকারি গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের কার্যকর অংশীদারত্ব জরুরি। এই সমঝোতার মাধ্যমে খনিজ বালুর বৈজ্ঞানিক মূল্যায়ন, প্রযুক্তি উন্নয়ন ও শিল্পে ব্যবহারযোগ্যতা যাচাইয়ের ভিত্তি তৈরি হলো।’
সমঝোতা অনুযায়ী কমিশনের পক্ষে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস মাঠ ও পরীক্ষাগারের কার্যক্রম পরিচালনা করবে। কমিশন নিজস্ব সুবিধায় বালুর নমুনা বিশ্লেষণ করবে।
মাঠপর্যায়ের কাজে প্রয়োজন অনুযায়ী এভারলাস্ট হাইড্রলিক কোর ড্রিল রিগ ও নৌযান সরবরাহ করবে। মাঠপর্যায়ের টিমের প্রয়োজনীয় সফর ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি।
খনিজ বালুর মিনারেলজি, জিওকেমিস্ট্রি ও মেটালার্জি নিয়ে গবেষণার পাশাপাশি খনিজ পৃথকীকরণ, গুণগত মান ও গঠন বিশ্লেষণ, আপগ্রেডেশন প্রযুক্তি এবং শিল্পে ব্যবহারযোগ্যতা যাচাই করা হবে।
কমিশনের প্রতিনিধিরা এভারলাস্টের অনুসন্ধান ও খনন প্রকল্প এবং খনিজ বালু প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট পরিদর্শন করতে পারবেন। পারস্পরিক সম্মতিতে গবেষণাগার ও অন্যান্য গবেষণা সুবিধাও ব্যবহার করা যাবে।
সমঝোতার মেয়াদ তিন বছর। উভয় পক্ষের লিখিত সম্মতিতে তা নবায়ন করা যাবে। এটি কোনো ব্যবসায়িক চুক্তি নয়। দেশের খনিজ বালু শিল্পের গবেষণা ও উন্নয়ন এবং আর্থ-সামাজিক অগ্রগতি এর মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেসের পরিচালক ড. মো. গোলাম রাসুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এভারলাস্ট মিনারেলস লিমিটেডের সিনিয়র কনসালট্যান্ট মো. খায়রুল ইসলাম ও জেনারেল ম্যানেজার মো. বাহারুল আলম বিশ্বাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


