বরিশালে আইএসপিএবির আঞ্চলিক কমিটি গঠন

বরিশালে আইএসপিএবির আঞ্চলিক কমিটি গঠন
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বরিশাল বিভাগীয় আঞ্চলিক উপ-কমিটি গঠন করেছে, যা সংগঠনটির আট বিভাগের মধ্যে সর্বশেষ আঞ্চলিক কমিটি।

স্থানীয় পর্যায়ে ইন্টারনেট সেবার সমস্যা দ্রুত সমাধান, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শনিবার বরিশালে এক সভায় নয় সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

বরিশালের ইউরো কনভেনশন হল, প্ল্যানেট পার্কে আয়োজিত সভায় আগামী ছয় মাসের জন্য এসবিসি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী ফিরোজ আলমকে আহ্বায়ক এবং কোয়ান্টাম ব্রডব্যান্ডের স্বত্বাধিকারী মেহেদি হাসান আরমানকে সদস্যসচিব করা হয়েছে।

আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, সংগঠনের লক্ষ্য হলো সদস্যদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা, ইন্টারনেট শিল্পের স্বার্থে সরকারের সঙ্গে নীতিগত বিষয়ে কার্যকর ভূমিকা রাখা এবং সদস্যদের ব্যবসায়িক সমস্যার সমাধানে সম্মিলিতভাবে কাজ করা।

তিনি বলেন, আইএসপিরা সক্রিয়ভাবে কাজ করলে ক্যাবল কাটা, দখলবাণিজ্যসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ধীরে ধীরে কমানো সম্ভব হবে।

আমিনুল হাকিম বলেন, প্রতিযোগিতামূলক বাজারে আইএসপিদের কমিউনিটি নেটওয়ার্ক তৈরি, ভ্যাট প্যাকেজের আওতায় আনা, এক দেশ এক রেট বাস্তবায়ন, কমন প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রদান এবং ওয়াই-ফাই জোন চালুর মতো উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন

আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞা বলেন, সর্বশেষ বিভাগ হিসেবে বরিশাল আঞ্চলিক কমিটি গঠনের মাধ্যমে দেশের আট বিভাগের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হলো।

তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি স্থানীয় আইএসপি ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়ানো, সরকারি নীতিমালা বাস্তবায়নে সহায়তা করা এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, কমিটি স্বল্প খরচে নিক্স সেবা গ্রহণ, ডাটা সেন্টার স্থাপন, কমন সলিউশন টাস্ক ফোর্স (সিএসটিএফ) গঠন, লিডার সামিটে অংশগ্রহণ, বিভাগীয় শহরে ইন্টারনেট মেলা আয়োজন এবং কমন এক্সেস নেটওয়ার্ক তৈরির মতো উদ্যোগে কাজ করবে।

সভায় আইএসপিএবির যুগ্ম-মহাসচিব ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, পরিচালক রাশেদুর রহমান রাজন, মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন এবং অফিস সেক্রেটারি বিজয় কুমার পাল বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরোটেল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাকির হোসেন।

আইএসপিএবি জানিয়েছে, আট বিভাগের আঞ্চলিক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি এখন স্থানীয় পর্যায়ে সদস্যদের সমস্যা সমাধান ও ইন্টারনেট শিল্পের উন্নয়নে আরও সমন্বিতভাবে কাজ করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর